প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করবে। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৯টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বনানী কবরস্থানে যাবেন জিয়ারত করতে। এছাড়া সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন।
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে ২৮ জানুয়ারি মরদেহ দেশে আনা হয়। ওইদিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।