ট্রাম্পের বার্ষিক ভাষণ আটকে দিলেন ন্যান্সি

শাটডাউন তথা সরকারের অচলাবস্থা নিরসন না হলে প্রতিনিধি পরিষদে বার্ষিক ভাষণ দেওয়ার অনুমতি পাবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এমনটাই জানিয়েছেন পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

আলজাজিরা জানায়, স্পিকার ইতোমধ্যে তার সিদ্ধান্তের কথা চিঠি লিখে জানিয়েছেন ট্রাম্পকে।

প্রেসিডেন্টকে তিনি লিখেন, ‘আমি আপনাকে জানাচ্ছি যে, সরকার সচল না হওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের সভাকক্ষে প্রেসিডেন্টের স্টেট অব ইউনিয়ন ভাষণ প্রদানের অনুমতি প্রদানের রেজুলেশনটি আনা হচ্ছে না।’

উল্লেখ্য, প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের এ ভাষণের জন্য একটি রেজুলেশন পাসের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হয়। ২৯ জানুয়ারি পরিষদের সভাকক্ষে ট্রাম্পের এ বক্তব্য প্রদানের কথা ছিল।

এর আগে ১৬  জানুয়ারি ট্রাম্পকে তার স্টেট অব ইউনিয়ন ভাষণ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন ন্যান্সি। কিন্তু পরদিন শাটডাউনের অজুহাতে ন্যান্সির আফগানিস্তান ও ব্রাসেলস সফর স্থগিত করে দেন ট্রাম্প।

বৃহস্পতিবার সফর শুরু এক ঘণ্টারও কম সময়ে এই সিদ্ধান্ত জানান ট্রাম্প। ন্যান্সির সফরে কোনো প্রতিনিধি দল ও সামরিক বিমান ব্যবহারও স্থগিত করেছেন তিনি।

এর আগে বুধবার ট্রাম্পকে রাজনৈতিক অচলাবস্থা বিবেচনায় নিয়ে তার স্টেট অব ইউনিয়ন ভাষণ স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন স্পিকার।

প্রসঙ্গত, গত বছর মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলার বাজেট অনুমোদনে ব্যর্থ হয়ে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফলে ২১ ডিসেম্বর থেকে দেশটিতে শুরু হওয়া এ শাটডাউনে মুখ থুবড়ে পড়েছে অধিকাংশ সরকারি দপ্তরের কার্যক্রম। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা।