উল্টোস্রোতে চলা এক লড়াকু নারী নভেরা

ভাস্কর নভেরা আহমেদের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে মঞ্চনাটক ‘নভেরা’। ২০১৬ সালের ১৩মে মহিলা সমিতি মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর বাংলাদেশের বিভিন্ন মঞ্চ নাটকটির ২৩টি এবং কলকাতার মেদিনীপুরে নাটকটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় সুনামগঞ্জে নাটকটির ২৫তম প্রদর্শনী হবে। এই নাটকে একক অভিন করছেন সামিউন জাহান দোলা। তার সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান

‘নভেরা’কে নিয়ে কেন মঞ্চনাটক...

কোনো প্রাপ্তি বা স্বীকৃতির আশা না করে প্যারিসে জীবনভর তিনি শিল্পসাধনায় মগ্ন ছিলেন। উল্টোস্রোতে চলা এক লড়াকু নারী নভেরা আহমেদ। তার চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর কথা যেমন নাটকে আছে, তেমনি একজন মানুষ কীভাবে নিরলস চেষ্টা ও সংগ্রামের মধ্য দিয়ে শিল্পী হয়ে ওঠেন, তার সে অবিরাম যাত্রা এ নাটকে প্রতীয়মান। একজন শিল্পী হিসেবে ভাস্কর নভেরাকে সবাই চিনুক, তার সৃষ্টি ও প্রচেষ্টা যুগান্তরের সাক্ষী হয়ে থাকুক, এটাই আমাদের চাওয়া। প্রায় ৪২ বছর লোকচক্ষুর অন্তরালে থাকা বাংলাদেশি এই ভাস্কর্যশিল্পীকে ১৯৯৬ সালে প্যারিসে খুঁজে পান শিল্পী শাহাবুদ্দিন আহমদ ও আনা ইসলাম। ২০১৫ সালের ৫মে প্যারিসের নিজ বাসায় ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন নভেরা আহমেদ।

২৫তম মঞ্চায়ন...

আমরা সুনামগঞ্জে বসেই একদিন পরিকল্পনা করেছিলাম ভাস্কর নভেরাকে নিয়ে নাটক করব। এবার সুনামগঞ্জের মঞ্চে ‘নভেরা’ নাটকের ২৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এটা ভীষণ আনন্দের। ‘রঙ্গমঞ্চ সুনামগঞ্জ’ নামের একটি সংগঠনের আমন্ত্রণে আমরা এই শো করছি।

‘নভেরা’র কুশীলব...

হাসনাত আবদুল হাইয়ের লেখা উপন্যাস ‘নভেরা’ এবং বেঙ্গল প্রকাশনীর গ্রন্থ ‘নভেরা আহমেদ’সহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, গবেষণা, সাক্ষাৎকার এবং নিবন্ধন থেকে ‘নভেরা’ নাটকের নাট্যরূপ দিয়েছি সামিউন জাহান দোলা। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। নাটকটি প্রযোজনা করেছে ধ্রুপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। সংগীত পরিচালনা করেছেন কেয়া চৌধুরী জুঁই, আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ।

নতুন পরিকল্পনা...

‘ধ্রুপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’-এর ব্যানারে মাহফুজা হিলালীর লেখা ‘সাঁঝবাতি’ নামের নতুন একটি নাটকের কাজ অচিরেই শুরু হবে। একজন বাউল মেয়ের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এর কাহিনী।