বিয়ের ছয় বছর পর এই প্রথম নরসিংদীর মনোহরদীতে শ্বশুরবাড়ি এসে মন্ত্রীর সংবর্ধনা পেয়েছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
নিজ এলাকার ‘জামাই’ সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামপুর সরদার বাড়িতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাকিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শ্বশুরবাড়ি আগমনে উচ্ছ্বসিত ছিল উপজেলাবাসী।
তার আগমন ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ হয়। মনোহরদীসহ বিভিন্ন অঞ্চলের সাকিবভক্তরা সকাল থেকে তাকে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন।
দুপুর ১টায় শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান তার শ্বশুরালয় রামপুর সরদার বাড়িতে পৌঁছালে হাজার হাজার ভক্ত তাদের স্বাগত জানায়।
পরে সাকিবের শ্বশুরবাড়ি প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেছেন, সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার। তিনি আমাদের জামাতা। তাকে বরণ করে আজ আমরা আনন্দিত।
তিনি বলেছেন, সাকিব ক্রিকেটের বিশ্ব সেরা অলরাউন্ডার। আরেকজন অলরাউন্ডার আছে বাংলাদেশে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি নিজে খেলেন এবং খেলান। যা দেখে সারা বিশ্ব অবাক।
জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, শ্বশুরবাড়িতে কখনো আসা হয়নি, প্রথমবার আসলাম, ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। যাতে আগামীতে আমরা বিশ্বকাপ আনতে পারি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রীর জামাতা বিডিজি মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, খিদিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল প্রমুখ।
ক্রিকেটার সাকিব আল হাসান মনোহরদী উপজেলার রামপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মমতাজ উদ্দিনের মেয়ে সরদার উম্মে রুমান আহমেদ শিশিরকে বিয়ে করেন।