পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জে রেললাইন হবে। এর সব কাগজপত্রও হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই তা একনেক সভায় উত্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ডিএস রোডের মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে যে কয়টি মেগা প্রকল্পের কাজ চলছে তার মধ্যে শুধু পদ্মা সেতু পুরোপুরি আমাদের অর্থায়নে করছি। এ সময় তিনি রাজধানীর সঙ্গে সব জেলায় চার ও ছয় লেনের সড়ক করা হবে বলেও জানান। জেলা মহিলা কল্যাণ সংস্থার সভাপতি নাহিদা আফরোজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার বরকতুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।