স্পিকার অনড় ভাষণ বিলম্বিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সরকারি অচলাবস্থার নিরসন না হওয়া পর্যন্ত তিনি বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন না। এর আগে ভাষণ দেওয়ার ঘোষণা দিলেও কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির বিরোধিতার মুখে ট্রাম্প সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) ট্রাম্প জানান, পরে উপযুক্ত সময়ে তিনি এই ভাষণ দেবেন। টুইট বার্তায় তিনি ন্যান্সির উদ্দেশে বলেন, কংগ্রেসে ভাষণে দেওয়ার আমন্ত্রণপত্র প্রত্যাহার স্পিকারের ‘বিশেষ অধিকার’।

ট্রাম্পের এই মন্তব্যের পরপরই এক টুইট বার্তায় কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আগে হাউস অব রিপ্রেজেন্টেটিভদের প্রস্তাব গ্রহণ করুন। তাহলে আমরা ফেডারেল কর্মচারীদের বেতন দিতে পারব। অচলাবস্থার নিরসন হলে নিজেদের মধ্যকার মতভেদ নিয়ে আলোচনা করা যাবে। জানুয়ারির শুরুতে কংগ্রেসের এই স্পিকার ট্রাম্পকে ইউনিয়ন স্টেটের ভাষণের জন্য আমন্ত্রণ জানালেও গত বুধবার তা প্রত্যাহার করে নেন। এরপরও ট্রাম্প বলেন, ভাষণ দেওয়া প্রেসিডেন্টের অধিকার এবং তিনি যথাসময়েই তা দেবেন। স্পিকারের কাছে এ নিয়ে চিঠিও পাঠান তিনি। তবে রিপাবলিকান নেতার চিঠি পাওয়ার পরও ন্যান্সি তার অবস্থানে অনড় থাকলে ট্রাম্প পিছু হটার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এদিকে দেশটিতে চলমান অর্থনৈতিক অচলাবস্থা ৩৪ দিন পেরিয়েছে।