চুয়াডাঙ্গায় জনপ্র্রশাসন প্রতিমন্ত্রী

বাস্তবতা বুঝে উপজেলা নির্বাচনে থাকবে বিএনপি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন আশা প্রকাশ করে বলেছেন, বিএনপি বাস্তবতা বুঝে অতীতের ভুলত্রুটি সংশোধন করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করবে।  গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর সক্রিয় বিবেচনায় রয়েছে। কোটা থাকবে কি থাকবে না- সেটি প্রধানমন্ত্রীই স্পষ্ট করবেন। 

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রমুখ। এর আগে সড়কপথে তিনি চুয়াডাঙ্গায় পৌঁছালে দশমাইল বাজারে তাকে অভ্যর্থনা জানান জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে পৌরসভায় নেওয়া হয়।