শূন্যপদে নিয়োগ দিতে আবেদন ফরম বিক্রি করেই চারশো কোটিরও বেশি অর্থ আয় করেছে ভারতের রেল কর্তৃপক্ষ। গত বছর ফেব্রুয়ারিতে প্রায় সোয়া লাখ শূন্যপদে নিয়োগের জন্য প্রায় ২ কোটি ৩৭ লাখ প্রার্থী আবেদন জমা দেন। সেখান থেকে বিপুল পরিমান এ অর্থ আয় হয় বলে জানান দেশটির রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
এনডিটিভি জানায়, বুধবার ফের ২ লাখ ৩২ হাজার পদে নিয়োগের নেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। গত বছরের চাকরির পরীক্ষায় বেকারদের কাছ থেকে ৪২৭ কোটি টাকা উপার্জন করেছে রেল কর্তৃপক্ষ। দেশজুড়ে এ পরীক্ষার জন্য আবেদন ফরম বিক্রি হয় প্রায় ৯০০ কোটির রুপির।
১ লাখ ২৭ হাজার প্রার্থী থেকে এ অর্থ আয় হলেও পরীক্ষায় উপস্থিত হতে না পারা প্রার্থীদের টাকাও অবশ্য ফেরত দিয়েছে রেল। দুই ভাগে এ আবেদন ফরম বিক্রি হয়। সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য এটি ৫০০ টাকা। এখানকার যারা পরীক্ষার জন্য বিবেচিত হননি তাদেরকে ৪০০ রুপি ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফরমের মূল্য ২৫০ রুপি। যারা পরীক্ষায় অংশ নেয়নি তাদেরকে পুরো টাকাই ফেরত দেওয়া হয়।
রেল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার আবেদন মূল্য ফেরত দেওয়ার পরে গত বছর মোট আয় হয়েছে ৪২৭ কোটি রুপি। এরমধ্যে সাধারণ বিভাগ থেকে আয় হয়েছে ২৫১ কোটি ৬৪ লাখ রুপি। সংরক্ষিত বিভাগ থেকে আয় হয় ৩৩৫ কোটি ৫২ লাখ টাকা। দুই বিভাগ থেকেই মোট পরীক্ষার্থী অংশ নেন ১ কোটি ৫৩ লাখ প্রার্থী।