রজনীকান্তের ভক্তরা কেন দুধ চুরি করছেন?

তামিলনাড়ুর দুধ বিক্রেতারা দুধ নিয়ে বিপাকে পড়েছেন। বিচ্ছিন্নভাবে নয়; কয়েক দিন ধরে লাগাতার তাদের দুধ চুরি হচ্ছে!

বিবিসি জানিয়েছে, এই কাজ করছে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের ভক্তরা।

কিন্তু কেন?

হিন্দু সম্প্রদায়ের মানুষ শুভফলের আশায় বিশেষ অনুষ্ঠানে দেবতার মাথায় দুধ ঢালেন। সিনেমাপ্রেমীরা মনে করছেন, রজনীকান্তের পরবর্তী ছবি মুক্তির আগে পোস্টারে দুধ ঢাললে ছবিটি হিট হবে!

দুধ বিক্রেতারা বলছেন, এমন পরিস্থিতিতে তাদের লোকসান হচ্ছে।

রাজ্যের দুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভগবানের প্রার্থনায় এটি করা হয়। কোনো নায়কের জন্য নয়।’

অভিযোগ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ভক্তদের এমন কাণ্ডের দায় নিতে নারাজ রজনীকান্ত। তার একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘ভক্তদের নিয়ন্ত্রণের ক্ষমতা অভিনেতার হাতে নেই।’

‘আমরা তাদের অনুরোধ করেছি, এসব না করতে। কিন্তু তারা উদ্‌যাপনের অংশ হিসেবে করছেন।’