বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্ত থেকে মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের ভূখণ্ডে পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাকে আটকের পর ভাল্লুক খাইয়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করে।
আটক ওই সেনাসদস্যের নাম অং বো থিন। তার বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুনে। জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমারের সেনাবাহিনীর ২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে জানান।
তাকে নাইক্ষ্যংছড়ি লেম্বুছড়ি সীমান্তের ওপারে বেন্ডুলা ক্যাম্পে সংযুক্ত করে দায়িত্ব দেওয়া হয়। গত দুদিন আগে তিনি ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
তাকে নাইক্ষ্যংছড়ি বিজিবির ১১ ব্যাটালিয়নে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এস. এম. বায়েজিদ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছেন। বেন্ডুলা ক্যাম্পে কাজ ভালো না লাগায় সে বাংলাদেশে পালিয়ে আসে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।