মুলারের তদন্ত: এবার ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত রজার স্টোনকে ফ্লোরিডায় গ্রেপ্তার করা হয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাতের বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার যে তদন্ত করছেন, তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

কংগ্রেসের কাছে ‘মিথ্যা’ বলা এবং তদন্তে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে রাজনৈতিক কৌশল নির্ধারণকারী স্টোনের বিরুদ্ধে।

এর আগে ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ সহযোগী অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে জিজ্ঞাসাবাদ করে মুলারের তদন্ত দল। সম্ভাব্য আঁতাতের বিষয়ের প্রাথমিক পর্যায়ে তদন্ত করা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

আঁতাতের এই অভিযোগ নিয়ে নির্বাচনের পর থেকেই বিপাকে আছেন ট্রাম্প। রাশিয়াকে দিয়ে তিনি হিলারি ক্লিনটনের ই–মেইল হ্যাক করিয়েছেন বলে অভিযোগ আছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার প্রেসিডেন্ট পদ ঝুঁকির মুখে পড়তে পারে।

শুক্রবারই স্টোনকে আদালতে হাজির করার কথা রয়েছে।

অনেক দিন ধরেই বলা হচ্ছে, স্টোনকে অভিযুক্ত করার প্রক্রিয়া চলছে। কিন্তু এত দিন তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।