এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রোশান। পরীমনির বিপরীতে জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক। এরপর ‘ধ্যাত্তেরিকি’, ‘ককপিট’, ‘বেপরোয়া’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন দুটি সিনেমায়। সমসাময়িক বিষয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি
জাজের নতুন ছবি ‘জিন’...
গত পরশু ‘জিন’ নামের চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটি জাজ মাল্টিমিডিয়ার ছবি। এখানে চারজন নায়ক-নায়িকা আছেন। আমার বিপরীতে আছেন পিয়া বিপাশা। এ ছাড়া আছেন পূজা চেরী। এ সিনেমায় আমাকে বিশ^বিদ্যালয়ের শিক্ষকের চরিত্রে দেখা যাবে। এ চরিত্রটিই পুরো ছবির গল্পকে টেনে নিয়ে যাবে। মূলত আমার অভিনীত চরিত্রের গভীরতা দেখেই কাজটি করতে আগ্রহী হয়েছি। মার্চে এর শ্যুটিং শুরু হবে।
‘ড্রিমগার্ল’ এখন ‘সুন্দরীতমা’...
আমি জাজ মাল্টিমিডিয়ার ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বাইরের ছবিতে কাজের ক্ষেত্রে কোনো বাধা ছিল না কখনোই। এত দিন ব্যাটে-বলে মেলেনি। তবে এই প্রথম জাজের বাইরের একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই সিনেমার নাম ‘সুন্দরীতমা’। যদিও এর নাম আগে ছিল ‘ড্রিমগার্ল’। ছবির গল্প পুরোপুরি দাঁড় করানোর পর পরিচালক মনে করেছেন ‘ড্রিমগার্ল’ নামটির চেয়ে ‘সুন্দরীতমা’ নামটি গল্পের সঙ্গে বেশি প্রাসঙ্গিক। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শ্যুটিং শুরু হবে। নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। এ ছবিতে অভিনয়ের দুটি কারণ রয়েছে। প্রথমত, গল্পটি শুনে ভালো লেগেছে। দ্বিতীয়ত, পরিচালক হিসেবে ইস্পাহানি আরিফ জাহানের সুনাম আছে। এ কারণে কাজটি করতে আগ্রহী হয়েছি।
মার্চে প্রেক্ষাগৃহে বেপরোয়া...
জাজ মাল্টিমিডিয়ার বেপরোয়া ছবিটি অনেক আগেই শেষ হয়ে গেছে। এরই মধ্যে একাধিকবার ছবিটি মুক্তি পেতে গিয়েও পায়নি। তবে মার্চে এই ছবিটি মুক্তি পাবে। অ্যাকশননির্ভর এ ছবিতে আমার বিপরীতে আছেন ববি। পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ।
আরও দুই নতুন ছবি...
জাজ মাল্টিমিডিয়ারই আরও দুটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে। একটি আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হবে। এর নাম ‘আয়াত’। এটি পরিচালনা করবেন রায়হান রাফি। এই ছবিতে আমার বিপরীতে ভারতের একজন অভিনেত্রীকে দেখা যাবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা না দিলে আমি তার নাম বলতে পারব না। এর বাইরে আরও একটি ছবির কথা চলছে। সব চূড়ান্ত হলে তবেই জানাব।