‘কবির সিং’ ছবির সেটে মৃত্যু

শহীদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত ‘কবির সিং’ ছবির সেটে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ৩৫ বছরের এই যুবকের নাম রাম কুমার। উত্তর প্রদেশের দেরাদুনের এই যুবক ছবির ক্রু মেম্বার ছিলেন। উত্তরাখ-ের মুসৌরিতে ‘কবির সিং’ ছবির শ্যুটিং চলছে। ইউনিটের সবাই ছিলেন স্থানীয় এক পাঁচ তারকা হোটেলে। গত বৃহস্পতিবার সকালে শ্যুটিংয়ে যাওয়ার আগে এই দুর্ঘটনা ঘটে। রাম কুমার স্থানীয় ক্রু হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন জেনারেটর অপারেটর। শ্যুটিংস্থলে রওনা হওয়ার আগে রাম জেনারেটরে পানির স্তর দেখতে যান। তখন হঠাৎ তার গলার মাফলার জেনারেটরের পাখায় ফেঁসে যায়। রাম আকস্মিক এই দুর্ঘটনার শিকার হন। তিনি মাথায় আঘাত পান। তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর রামকে ভেন্টিলেশনে রাখা হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ‘কবির সিং’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ এক বিবৃতিতে এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। আরও বলা হয়, ‘আমরা সবাই রাম কুমারের পরিবারের পাশে আছি। আমরা যতটা পারব, তার পরিবারকে সাহায্য করব।’