প্রথম চলচ্চিত্র ‘ডুবসাঁতার’ ও মুক্তি না পাওয়া সামুরাই মারুফের ‘পারলে ঠেকা’ চলচ্চিত্রে গান গেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘদিন পর আবার প্লেব্যাক করতে যাচ্ছেন এই তারকা। কলকাতার পরিচালক অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ নামের চলচ্চিত্রে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এ ছবিতে নিজের লিপে সব গানে কণ্ঠ দেবেন জয়া। ছবির গল্প নিয়ে অতনু বলেন, ‘এক রিয়্যালিটি শোয়ে এসে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়–য়ার। অডিশন শেষ হওয়ার পর একটা জায়গা পেরিয়ে বাসে উঠতে গিয়ে শ্রাবণী পড়ে যায়। তার এই অবস্থা দেখে ছুটে আসে কাজল। এভাবে দুজনের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়।’ আরও বলেন, ‘বাইরে থেকে তারা একে-অপরকে যেভাবে দেখছে, আতশকাচের তলায় ফেললে কি সেটা পাল্টে যাবে? সে উত্তরই আছে ছবিতে।’
এই প্রথম অতনু ঘোষের ছবিতে একসঙ্গে কাজ করছেন ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। ঋত্বিক থাকছেন কাজলের চরিত্রে। আর জয়াকে দেখা যাবে শ্রাবণীর চরিত্রে। এই দুই তারকা সম্পর্কে অতনু বলেন, ‘এই মুহূর্তের সবচেয়ে সংবেদনশীল, প্রতিভাবান দুই অভিনেতা-অভিনেত্রী ঋত্বিক ও জয়া। দুজনকে একসঙ্গে ফ্রেমবন্দি করার ইচ্ছা রয়েছে বহুদিন ধরেই। এবার ইচ্ছাপূরণ হলো। ‘ময়ূরাক্ষী’ ছবিতে সৌমিত্র-প্রসেনজিতের যৌথ উপস্থিতি যেমন একটা ম্যাজিক তৈরি করেছিল, এ ছবিতে ঋত্বিক-জয়ার যৌথ উপস্থিতিও সেই ম্যাজিক তৈরি করবে, এমন আশায় রয়েছি।’
এ সিনেমায় আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, খেয়া চট্টোপাধ্যায়, কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়, রেশমী সেন ও সামন্তক দ্যুতি মৈত্র। সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে শুটিং।