ভোলা সদর উপজেলার নাসির মাঝি গ্রামের পণ্ডিত বাড়ির নিজ ঘরের পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে হাজেরা বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বজন ও এলাকাবাসী বলেছেন, গত বৃহস্পতিবার রাতে নিজ ঘর থেকে তুলে নিয়ে হাজেরাকে খুন করে দুর্বৃত্তরা। হাজেরার স্বজন আবুল কালাম ও স্থানীয়রা জানান, নুরুল ইসলাম মিন্টু পণ্ডিতের স্ত্রী হাজেরা রাতের খাবার তৈরির সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে এবং তার নাতি তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বিকে (১০) এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে রাব্বি পালিয়ে ধানের গোলায় আশ্রয় নেয়। পরে দুর্বৃত্তরা হাজেরাকে পাশের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে শ্বাসরোধে হত্যা করে তার অলংকার নিয়ে পালিয়ে যায়। নিহতের স্বামী রাতে ঘরে এসে রাব্বিকে অচেতন অবস্থায় দেখতে পান এবং স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের ভবন থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, হাজেরাকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। খুনি কোনোভাবেই পার পাবে না। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় সদর থানায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছে।