সবচেয়ে হালকা স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের

মহাকাশে সবচেয়ে হালকা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করেছে ভারত। গত বৃহস্পতিবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

কালামস্যাট ভি-টু নামের স্যাটেলাইটটির ওজন মাত্র ১.২৬ কেজি। ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ নামে চেন্নাইভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এটি তৈরি করেছে। হ্যাম রেডিও সম্প্রচারের জন্য যোগাযোগ স্যাটেলাইট হিসেবে কাজ করবে কালামস্যাট ভি-টু। কালামস্যাট ভি-টু স্যাটেলাইটটির নামকরণ হয়েছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান সেন্টার থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। গত বৃহস্পতিবার পোলার স্যাটেলাইট লঞ্চ ভিহিকল বা পিএসএলভি রকেটের মাধ্যমে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থাটি বলছে, এ স্যাটেলাইট হ্যাম রেডিও অপারেটরদের সহায়তা দেবে। পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান ও প্রকৌশলী হতে স্কুল শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মহাকাশসংক্রান্ত শিক্ষাকেন্দ্র স্পেস কিডজ ইন্ডিয়ার মোট সদস্যসংখ্যা ২০ জনের কিছু বেশি। শ্রীমাথি কেষান নামে ৪৫ বছর বয়সী এক পেশাদার প্রযুক্তিবিদের উদ্যোগে গড়ে ওঠে প্রতিষ্ঠানটি। কালামস্যাট ভি-টু তৈরিতে খরচ হয়েছে মোট ১২ লাখ ভারতীয় রুপি। মাত্র ছয় দিনের মধ্যেই এটি তৈরি করে ফেলা সম্ভব হয়েছে।