টাকার অভাবে প্রেসিডেন্ট নির্বাচন থেকে ইস্তফা

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী রিচার্ড ওজেডা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে এএফপি।

আসন্ন নির্বাচনে সামরিক বাহিনীর সাবেক সদস্য ওজেডা ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ হবেন বলে ধারণা করা হচ্ছিল।

বাসস জানায়, সাবেক এই প্যারাট্রুপার ও পশ্চিম ভার্জিনিয়ার আইনপ্রণেতা ২০১৬ সালে ট্রাম্পের পক্ষে ভোট দেন। কিন্তু খুব দ্রুতই তিনি ট্রাম্পের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এরপর ডেমোক্রেটিক দলে ফিরে আসার জন্য শ্রমিকদের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন ওজেডা।

ফেসবুকে ৪৮ বছর বয়সী ওজেডা স্বীকার করেছেন, দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণা চালানোর মতো আর্থিক স্বচ্ছলতা অথবা রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে এ ক্ষেত্রে সমর্থন পাননি। যদিও তৃণমূল পর্যায়ে তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন।