ছাত্রলীগের ১৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় ছাত্রলীগ কর্মী মিরাজ ও বশিরকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে মিরাজের মা পান্না বেগম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক শেখ সামী তাপুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতা-কর্মীকে। এ ছাড়া মামলায় আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেছেন, শুক্রবার সন্ধ্যায় আল মিরাজ ও তার বন্ধু বশির দৌলতদিয়াড় এলাকার দক্ষিণ পাড়ার জনৈক জহুরুলের চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে আসামিরা তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। উপর্যুপরি কুপিয়ে জখম করা হয় মিরাজ ও বশিরকে। এ সময় মিরাজের পায়ের রগও কেটে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলাটি রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, যেহেতু ছাত্রলীগের অন্তর্কোন্দলে এ হামলার ঘটনা ঘটেছে, তাই সূক্ষ্ম তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, নিজেদের অন্তঃকোন্দল ছাত্রলীগের এক পক্ষের হামলায় গুরুতর জখম হয় অন্য পক্ষের মিরাজ ও বশির নামে দুই কর্মী। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকার দক্ষিণপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই মিরাজকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় পাঠানো করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, এ হামলার পর চুয়াডাঙ্গা শহরে ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।