একশ’ টাকার জন্য ইলেকট্রিশিয়ানকে হত্যা

আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একশ’ টাকার জন্য এক ইলেকট্রিশিয়ানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ি এলাকার ঘোষ বাহাদুরের বাড়ির সামনে ফার্মের কাছে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম (৩০) উপজেলার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার বান্দু হাজির বাড়ির ভাড়াটিয়া মো. মালেক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে একই বাসায় ভাড়া থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

এ ছাড়া অভিযুক্ত রেজাউল পলাশবাড়ি এলাকার সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। 

নিহতের বাবা মালেক মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ি এলাকার বখাটে রেজাউল আমার ছেলের কাছে পাওনা একশ টাকা চাইতে আসে। এ সময় জহিরুল টাকা নাই, পরে দিবো বলে চলে যায়। একপর্যায়ে জহিরুল পলাশবাড়ি এলাকার ঘোষ বাহাদুরের বাড়ির সামনে ফার্মের কাছে আসলে পেছন থেকে গিয়ে ছুরিকাঘাত করে রেজাউল। জহিরুলের ভুড়ি বের হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাবিব ক্লিনিকে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন বলেন, রাত ৯টার দিকে জহিরুলকে হাসপাতালে আনা হয়। তার গার্ড এ ইনজুরি ছিল এবং আর্টারি কেটে যাওয়ায় তার অবস্থা সংকটাপন্ন ছিল। পরে অপারেশন থিয়েটারে নিয়ে সেলাই করে আইসিইউতে দেওয়া হয় ভেন্টিলেশনের জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান জহিরুল।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, শুনেছি একজন যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি জানার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।