আরেকটু বেশি নেশা করতে গিয়ে মৃত্যু হয় ২ যুবকের

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি বিয়ের গায়েহলুদ অনুষ্ঠানে আরেকটু বেশি নেশার জন্য বিয়ারের সঙ্গে স্পিরিট পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম বাদী হয়ে ‘হিরো কসমেটিকস অ্যান্ড ক্যামিকেলে’র মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই কসমেটিকস কারখানা থেকে পুলিশ ৪ লিটার স্পিরিট জব্দ করেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুল হকের মেয়ের বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে তার ছেলে নাহিদ (২২) বন্ধু-বান্ধবসহ অন্যান্য অতিথিদের নিয়ে আনন্দ করার জন্য বিয়ার পানের আয়োজন করে।

এ সময় নাহিদের বন্ধুদের মধ্যে আকিব, আশিক, দ্বীন ইসলাম, আক্কাস এবং রাসেলসহ আরো কয়েকজন অতিরিক্ত নেশার জন্য আমিনুল হকের বাড়ির নিচতলার ভাড়াটিয়া কসমেটিকস কারখানার মালিক হিরো হাওলাদারের (৩৬) সঙ্গে যোগাযোগ করে। ওই সময় হিরো তার কসমেটিকস কারখানায় রক্ষিত স্পিরিট এনে দেয়।

তারা ওই স্পিরিট বিয়ারের সঙ্গে মিশিয়ে পান করে। এতে করে আকিব (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) এবং রাসেলসহ (১৯) কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আকিব ও দুপুরে আশিক মারা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন শাহ পারভেজ জানায়, আসামিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখে থাকি যে আনন্দ করার জন্য মদ বা বিয়ার জাতীয় অ্যালকোহল আয়োজন করা হয়ে থাকে। এই অ্যালকোহল মানব দেহের জন্য ক্ষতিকর। আমার আহ্বান থাকবে যেন এখন থেকে আর পারিবারিক অনুষ্ঠানে এমন আয়োজন করা না হয়। যদি এ ধরনের খবর আমরা জানতে পারি তাহলে কঠিন ব্যবস্থা গ্রহণ করব।