রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিয়ামুল ইসলাম (১৮) নামের এক মিস্ত্রি আহত হয়েছেন।
ছুরিকাঘাত করে তার ও সহকর্মীদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও প্রায় ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিমানবন্দর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নিয়ামুলের বাড়ি বাগেরহাটের সরনখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। পেশায় রডমিস্ত্রির সহযোগী নিয়ামুল সহকর্মীদের সঙ্গে থাকত খিলগাঁও মাদারটেক এলাকায়।
সহকর্মী ইমরান হোসেন বলেন, তিনি রুবেল ও নিয়ামুল সকালে খিলগাঁও থেকে গাজিপুর চৌরাস্তায় যান রডমিস্ত্রির কাজ করতে। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রেনের ছাদে করে ঢাকার কমলাপুরে ফিরছিলেন তারা। ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনের কাছাকাছি আসলে ৪ যুবক সামনে থেকে এসে ইমরান ও রুবেলেকে ছুরি ঠেকিয়ে তাদের সব দিয়ে দিতে বলে। ভয়ে সঙ্গে সঙ্গে ইমরানের সঙ্গে কাছে থাকা ২টি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা আর রুবেলেরর কাছে থাকা ২টি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা বের করে দেন তারা।
পরে তারা পিছনে বসে থাকা নিয়ামুলের কাছ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান কাধে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ২টি মোবাইল ফোন ও ৩/৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত যুবককে জরুরী বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার জরুরি অস্ত্রোপচার চলছে।