চীনে নিযুক্ত নিজের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিষয়ে বিতর্কিত মন্তব্য করে চাকরি হারালেন ওই কর্মকর্তা।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের প্রধান নির্বাহী ওয়ানঝুকে গ্রেপ্তার করে কানাডা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা হুয়াওয়েকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন।
কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, ওয়ানঝুকে হস্তান্তরের অনুরোধ জানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূত ম্যাককালাম বলেন, হস্তান্তর প্রক্রিয়া এড়ানোর দারুণ সুযোগ রয়েছে ওয়ানঝুর।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করার বিষয়টি ভালোভাবে নেননি কানাডার রাজনৈতিক নেতারা। সরকারি-বিরোধী দুই পক্ষ থেকেই সমালোচনার ঝড় ওঠে।
ট্রুডো এক বিবৃতিতে বলেন, ‘গতরাতে আমি জন ম্যাককালামকে পদত্যাগ করতে বলি। তারপর তিনি সিদ্ধান্ত জানালে সেটি গ্রহণ করা হয়েছে।’
যুক্তরাষ্ট্র-চীনের এই ঝামেলায় ভালোই বিপাকে আছে কানাডা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দিনে দিনে তলানিতে গিয়ে ঠেকছে। চলতি মাসের শুরুতে কানাডার এক নাগরিককে চীনে মৃত্যুদণ্ড দেয়া হয়। মেং আটক হওয়ার পর আরও দুই কানাডীয়কে সেখানে গ্রেপ্তার করা হয়।