ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে রোমান ক্যাথলিক ক্যাথেড্রালের সামনে বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত।
রোববার জোলো দ্বীপে ওই ক্যাথেড্রালের কাছে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এরপর কম্পাউন্ডের বাইরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
হামলার পর পরই সরকারি নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় আলজাজিরা।
ফিলিপাইনের ন্যাশনাল পুলিশ চিফ ওস্কার আলবায়ালদে বলেন, কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন। হতাহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ছবিতে দেখা যায়, ‘ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব মাউন্ট কারমেল’-এর সামনে ব্যস্ত সড়কে হতাহতদের দেহ পড়ে আছে। ওই ক্যাথেড্রালে আগেও হামলা হয়েছিল।
সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনী ওই চার্চে যাওয়ার প্রধান সড়ক সিল করে দিয়েছে। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
তাৎক্ষণিক কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে জোলো দ্বীপে মুসলিম আবু সায়াফ যোদ্ধাদের উপস্থিতি আছে। সংগঠনটি ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত।