শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রকৃত ইতিহাস পড়তে হবে। কারণ সকল ইতিহাস সত্য নয়।
তিনি বলেন, নানা পণ্ডিত তার নিজস্ব দৃষ্টি ভঙ্গি মিশিয়ে নানাভাবে ইতিহাস রচনা করেন।
শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে তিনি বলে, ‘এ বয়সে তোমাদের এসব বোঝার কথা নয়। তবে যত বড় হবে, প্রকৃত ইতিহাস তোমরা খুঁজে পাবে, তোমরা শিক্ষা নেবে। প্রকৃত ইতিহাস তোমাদের জীবনে চলার পথে সহায়ক হবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। একটি শিশুও যাতে নিরক্ষর না থাকে, সে ব্যাপারে সবাইকে সহাজ থাকতে হবে।’
রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) প্রদীপ সিংহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান প্রমুখ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ উপস্থিত ছিলেন।