নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন পুলিশের একটি দল।
শনিবার রাত ৮টায় উপজেলার ভুলতা ইউনিয়নের চেলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় এক এসআইয় গুরুতর আহত হন ও তার অস্ত্র লুট করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে রাত ১১টায় খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
রবিবার পুলিশ জানায় হামলাকরীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে স্থানীয়রা ভুলতার চেলাপাড়া গ্রামে রাত্রিকালীন ফুটবল খেলার আয়োজন করে। খেলা চলাকালীন সেখানে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই নাজিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল হাজির হয়ে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে খুঁজতে থাকে।
তারা জানান, হানজালার বিরুদ্ধে সম্প্রতি রূপগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছিল। এর তদন্ত করতে গেলে ঘটনাস্থলে অভিযুক্ত হানজালার সঙ্গে পুলিশের দেখা হয়। তখন সে পুলিশের সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে হানজালার নেতৃত্বে ছাত্রলীগের ৩০-৪০ জন মিলে পুলিশের ওপর হামলা চালায়।
তারা আরো জানান, তারা এসআই নাজিরুজ্জামানকে পিটিয়ে মারাত্মক আহত করে। লুটে নেওয়া হয় তার সঙ্গে থাকা অস্ত্র।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, একজন পুলিশের উপপরিদর্শকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক তার অস্ত্র খোয়া যায়। পরে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
তবে রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক অস্ত্র ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি বলেন, ‘একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তদন্ত করতে গেলে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এসআইয়ের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় এসআই নাজিরুজ্জামানের অস্ত্রটি পাশের ডোবায় পড়ে খোয়া যায়। রাত ১১টায় অতিরিক্ত পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে ওই ডোবা থেকে খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করেছে।’
থানা সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় এখন পর্যন্ত একজনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৪ জনকে আসামি করা হবে বলে জানা গেছে।