পণ্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, স্থল শুল্কস্টেশন দিয়ে অনুমোদিত পণ্য তালিকার বাইরে অন্য পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলা যাবে না। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘স্থল শুল্কস্টেশন দিয়ে আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক উল্লেখিত অনুমোদিত পণ্য ব্যতীত অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র না খোলার বিষয়ে ডিলার ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।’