ব্রেক্সিট নিয়ে গড়িমসিতে ব্রিটিশ জনগণের গত এক বছরে এক হাজার ৭০০ কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৫ হাজার ৫৩৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। গতকাল রবিবার দেশটির পার্লামেন্টের প্রকাশিত এক বিস্তারিত রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে বলে জানায় দি ইনডিপেনডেন্ট।
ক্ষতি হওয়া এই পরিমাণ অর্থ দিয়ে যুক্তরাজ্যের রাস্তায় ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ এবং ইংল্যান্ডের হাসপাতালগুলোতে খালি থাকা সব নার্সের পদে নিয়োগ দেওয়া সম্ভব। এরপরও যা অর্থ থাকবে তা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজেটে নির্ধারিত অর্থও দিতে পারত যুক্তরাজ্য। সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের (সিইআর) গবেষণায় বলা হয়, ২০১৬ সালে ব্রেক্সিট ভোটের পর থেকে যুক্তরাজ্যের অর্থনীতি দুই দশমিক ৩ শতাংশ কমেছে। দেশটির জিডিপিও কমেছে। ফলে ট্রেজারির ব্যয় করার ক্ষমতাও কমেছে বছরে এক হাজার ৭০০ কোটি পাউন্ড। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এমপিরা ব্রেক্সিট সংক্রান্ত জটিলতা নিরসনে আরও একবার চেষ্টা করবেন। এখন যুক্তরাজ্যের অবস্থা যেদিকেই যাক, সিইআর মনে করছে, ব্রিটিশ অর্থনীতি এরই মধ্যেই অনেকটা ক্ষতির শিকার হয়েছে।