চট্টগ্রামের আনোয়ারায় খাল খনন নিয়ে আওয়ামী লীগের দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার চুন্নাপাড়া গ্রামের গোদারপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মেগা প্রকল্পের আওতায় উপজেলার জুইদ-ী শঙ্খের মুখ থেকে পারকিবাজার পর্যন্ত সাপমারা খালের খনন কাজ করা হচ্ছে। নুর এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। উপজেলা যুবলীগ নেতা জালালউদ্দিন শাহ সাব-ঠিকাদার হিসেবে ওই খাল খননের কাজ করছেন। তবে খননকৃত খালের মাটি বাঁধে না ফেলে অন্যত্র বিক্রিসহ কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর নেতৃত্বে তার সমর্থকরা গতকাল সকালে খনন কাজে বাধা দেয়। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে বাগ্বিত-াসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। অন্যত্র মাটি বিক্রির কথা অস্বীকার করে জালালউদ্দিন শাহ বলেন, কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও পাউবো কর্র্তৃপক্ষ তদারকি করবে। মূলত তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তারা কাজে বাধা দিচ্ছে। এ সময় দুটি খননযন্ত্রে ভাঙচুর চালানো হয় বলেও দাবি করেন তিনি। চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে নুরুল আজিজ চৌধুরী বলেন, খালের মাটি অন্যত্র বিক্রি ও কাজে অনিয়মের কারণে এলাকাবাসী কাজে বাধা দিয়েছে।