হাইস্পিড ট্রেন চালু হলে প্রায় এক ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানো যাবে। গতকাল রবিবার চট্টগ্রামের সিআরবি ভবনের কনফারেন্স রুমে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
হাইস্পিড ট্রেন নিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এই ট্রেন চালু হলে মাত্র ৫৭ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো যাবে। মাঝে বিরতি দিলে সময় লাগবে ১ ঘন্টা ৯ মিনিট।’ চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেললাইন প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনার
কথাও জানান তিনি।
রেলমন্ত্রীর সামনেই শ্রমিক লীগের দুই পক্ষের হাতাহাতি : চট্টগ্রামে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সামনেই উচ্ছৃঙ্খলতা ও হাতাহাতিতে জড়িয়েছে রেল শ্রমিক লীগের দুই পক্ষ। গতকাল রবিবার নগরীর সিআরবিতে এ ঘটনার কারণে রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তরে নির্ধারিত সভা শুরু হতে দেরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলমন্ত্রী দুপুর দেড়টায় সিআরবিতে পৌঁছান। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তারা শ্রমিক লীগ নেতাকর্মীদের ভিড় ঠেলে মন্ত্রীকে সম্মেলন কক্ষে নিয়ে যান। মন্ত্রী আসনে বসতে না বসতেই হাতাহাতি শুরু করে দু’পক্ষ।