ক্রিস্তিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের পেনাল্টিতে সেরি আ’য় নাটকীয় জয় পেয়েছে ইউভেন্তুস। লাৎসিওর মাঠ থেকে রোববার রাতে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে দলটি।
এই জয়ে পয়েন্ট টেবিলে ইউভেন্তুসের শীর্ষস্থান আরো মজবুত হল। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে তারা ১১ পয়েন্ট এগিয়ে।
২১ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট ৫৯, নাপোলির ৪৮।
এদিন প্রথমার্ধে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইউভেন্তুস। কর্নার থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে পাঠান মিডফিল্ডার এমরে কান।
ইউভেন্তুস সমতায় ফেরে ৭৪তম মিনিটে। বক্সের ভেতর ফিরতি বল পেয়ে বদলি খেলোয়াড় কানসেলো জাল খুঁজে নেন।
সমতায় ফিরেও জয়সূচক গোলের দেখা পাচ্ছিল না মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। অবশেষে ত্রাতা হয়ে হাজির হন রোনালদো। স্পট কিক থেকে মৌসুমে নিজের ১৭তম গোলটি করেন তিনি। ৮৮তম মিনিটের এই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাতবারের চ্যাম্পিয়নরা।