চরফ্যাশনে ৩০ দোকান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন উপজেলায় অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরফ্যাশন বাজারের জনতা রোডের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে চরফ্যাশন, লালমোহন ও শশীভূষণ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ফ্যাশন গার্মেন্টস, নিউ স্টার প্লাস, ফ্যাশন খেলাঘর, মঞ্জু ড্রাগ হাউজ, মাইশা ব্রিক্স অফিস, স্বপ্নিল গার্মেন্টস, ক্যামেলিয়া গার্মেন্টস, সাথি বস্ত্রালয়, ঝিনুক স্টুডিও, মডার্ন বুক হাউজ, মালিহা বুক ডিপো, প্যারাডাইস বুক কর্নার, সরকার বুক ডিপো, রাকিব মটরস, সোহাগ স্টোর, সাজু ডিপার্টমেন্টাল স্টোর, নিপা কসমেটিকসসহ প্রায় ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জনতা রোডের একটি পোশাকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসলেও পর্যাপ্ত পানির উৎস না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের হিমশিম খেতে হয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।