পেরুতে বিয়েবাড়ির ছাদ ধসে নিহত ১৫

পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দেন শহরের একটি বিয়েবাড়ির ছাদ ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া গত রবিবারের এই দুর্ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্দেন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল। একপর্যায়ে হঠাৎ করেই ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জর্জ চেভেজ জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচ-গানের সময় আকস্মিকভাবে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এ সময় আলহামব্রা নামের হোটেলটিতে প্রায় শখানেক অতিথি উপস্থিত ছিল। ধসে পড়া একটি দেয়ালের পাশেই ছিল প্রায় ৫০ জন অতিথি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।