যুক্তরাষ্ট্রে আবারও অর্থনৈতিক অচলাবস্থার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস বাজেট বরাদ্দ না দিলে এই অচলাবস্থার শুরু হতে পারে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জাননো হয়েছে বলে জানায় হাফিংটন পোস্ট।
গত রবিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মিক মুলভ্যানি বলেন, ‘যেভাবে বিষয়টি সুরাহা হতে পারে ঠিক সেভাবেই আমরা বিষয়টির সমাধা করতে চাইছি। পুরো প্রক্রিয়াটা যাতে আমাদের সরকার আইনসিদ্ধ উপায়ে করতে পারে তাই আমরা চাই। প্রেসিডেন্ট আর কোনো অচলাবস্থা চায় না। কিন্তু প্রয়োজন হলে তিনি তা করবেন। এটা মনে রাখতে হবে সীমান্ত নিরাপত্তায় তিনি যা করার দরকার তাই করবেন।’ ক্রমবর্ধমান চাপের পরিপ্রেক্ষিতে টানা ৩৫ দিনের অচলাবস্থা বন্ধে পদক্ষেপ নেন ট্রাম্প। দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট যে অর্থ বরাদ্দ চেয়েছেন তা দিতে এখনো অস্বীকৃতি জানিয়েছে কংগ্রেস। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের এই দাবিকে ‘নীতিবহির্ভূত’ বলে আখ্যা দিয়েছেন।
ট্রাম্প দেয়াল নির্মাণে ছয় বিলিয়ন ডলারের কম অর্থ গ্রহণ করবেন কি না এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি মুলভ্যানি। কিন্তু তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে আলোচনায় আগ্রহী। এদিকে ডেমোক্র্যাট শিবির থেকেও বলা হচ্ছে তারা দেয়াল নির্মাণে অর্থায়ন করতে আগ্রহী। কিন্তু ট্রাম্পের দাবিকৃত অর্থের তুলনায় তা কম। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হচ্ছে, দেয়াল নির্মাণে তারা আগেও অর্থায়ন করেছে।