ছাড়পত্র ও অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া ইটভাটা তিনটির মালিকদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গত রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক আবদুস সালাম সরকার জানান, সিটি করপোরেশনের কাউলতিয়া ও বিপ্রবর্থা এলাকায় পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় কাউলতিয়া এলাকায় শফিকুল ইসলামের শাপলা ব্রিকস, কফিলউদ্দিনের এনএসবি ব্রিকস ও হানিফ হাওলাদারের এমটিবি ব্রিকসের ভাটাগুলোর আগুন ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এছাড়া ভেকু দিয়ে ভাটা তিনটির চিমনি ভেঙে ফেলা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী হাকিম চৌধুরী মুস্তাফিজুর রহমান ওই তিনটি ভাটামালিকদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।