মাদ্রাসা ছাত্রী ধর্ষণের সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় গ্রেপ্তার হয়েছেন আরেকজন। সোমবার গভীর রাতে ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত শাহাবুদ্দিন ও গ্রেপ্তার শ্যামল দে দু’জনেই পেশায় গাড়ি চালক। গত ২৭ জানুয়ারি এক মাদ্রাসা ছাত্রীকে তারা তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে বলে অভিযোগ পায় পুলিশ।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘‌গতকাল তারা ওই মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করতে পারলেও তারা পালিয়ে যায়।’

ওসি আরও বলেন, ‘রাতে আমরা অভিযান চালিয়ে চকবাজার ডিসি রোড থেকে শ্যামলকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে মেরিনার্স রোডে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। পরে সেখানে শাহাবুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।’

এই অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান ওসি মহসিন।