শিরোপা স্বপ্ন দেখছেন ম্যানইউ কোচ সুলশার

নতুন কোচ ওলে গুনার সুলশারের অধীনে দারুণ ছন্দে এগিয়ে চলছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেড়েছে তাদের আত্মবিশ্বাস। ক্লাবটিকে এখন শিরোপা স্বপ্ন দেখাচ্ছেন নরেজিয়ান এই কোচ।

পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে এবারের লিগ শেষ করতে পারবে কি-না, মৌসুমের শুরুতেই এমন শঙ্কায় পড়ে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু সুলশার দায়িত্ব নেওয়ার পর পাল্টে গেছে দৃশ্যপট। সব ধরনের প্রতিযোগিতায় গত আট ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে গত ছয় ম্যাচের সবকটিতেই জয় এসেছে।

লিগের পয়েন্ট টেবিলের অনেক উপরে এসেছে রেড ডেভিলদের। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে তারা। ৩ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থস্থানে আছে চেলসি।

এমন অবস্থায় কেবল পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ওঠাই নয়, ইউনাইটেড শিরোপার স্বপ্ন দেখছে বলে জানালেন সুলশার।

“আমরা ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদের সবসময়ই লিগ শিরোপা জয়ের লক্ষ্য থাকা উচিত।”

সম্প্রতি টটেনহ্যাম হটস্পারের কোচ মাওরিসিও পচেত্তিনো, পরের মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেতে শীর্ষ চারে থেকে লিগ শেষ করাটা গুরুত্বপূর্ণ।

টটেনহ্যাম কোচের এমন মন্তব্যের পরই চলতি লিগ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা কথা জানালে ইউনাইটেড কোচ সুলশার।

“আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছি। এফএ কাপে খেলেছি। তাই লক্ষ্য কেবল পয়েন্ট টেবিলের শীর্ষ চার, এমনটা বলতে চাই না। …ম্যানচেস্টার ইউনাইটেডের একজন কোচ হিসেবে আমি ম্যাচ ধরে ধরে এগুতে চাই।”

ইউনাইটেডের সবশেষ শিরোপার দেখা পেয়েছিল ২০১৭ সালে, ইউরোপা কাপে। এর এক বছর আগে তারা এফএ কাপ জিতে তারা। কিন্তু ২০১২-১৩ মৌসুমের পর একবারও লিগ শিরোপার দেখা পায়নি ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

ইউনাইটেডের শিরোপা খরা কাটবে বলে আশাবাদী সুলশার, “শিরোপা জিততে পারলে, ওই দিনটা ক্লাবের জন্যই দারুণ হবে।”