মাঠে গড়ানোর আগেই খেলাটি নিয়ে ছিল বেশ উত্তাপ। বিশেষ করে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই দলের সামনেই যখন পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি। কিন্তু সেই উত্তেজনায় কিছুটা বাগড়া বসাল বৃষ্টি। তবে বৃষ্টি মাথায় নিয়েই এগিয়ে চলেছে ম্যাচ। ১৯ ওভারে নেমে আসা ম্যাচে কুমিল্লার সামনে ১১৭ রানের ছোট লক্ষ্য দাঁড় করিয়েছে চিটাগং।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর টস হয়। বেলা ১টায় টস হওয়ার কথা থাকলেও সেটি হয় ১টা ২৫ মিনিটে। খেলা শুরু হয় ১টা ৪০ মিনিটে।
টস জিতে আগে ব্যাটিং বেছে নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। এক ওভার খেলা হওয়ার পরই আবার বৃষ্টি। পরে এক ওভার করে খেলা কমিয়ে ১৯ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টির পর খেলা শুরু হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগং।
ওপেনিংয়ে মোহাম্মদ শাহজাদ ব্যক্তিক্রম হলেও অন্য প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। ঘরের দল চিটাগং এক শ রান করতে পারবে কিনা সেটি নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত আট নম্বরে নেমে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলকে রক্ষা করেন মোসাদ্দেক। ২৫ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা হাঁকান এই ডানহাতি।
শাহজাদ করেন ৩৩ রান। কুমিল্লার বোলারদের সপ্তম শিকার হওয়ার আগে ৩৫ বলে নিজের ইনিংসটি সাজান ১ ছক্কা ও ২ চারে। এ ছাড়া নাজিবুল্লাহ জাদরান ১৩ রান করেছেন। এর বাইরে কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি। মেহেদি হাসান নেন ১ উইকেট।