চট্টগ্রাম নগরীতে পাহাড়তলী থানাধীন এলাকায় প্রতিবেশীর চ্যালা কাঠের আঘাতে মো. জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী মো. ইমরান নাজিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইমরান নাজির (৩৩)।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ এ বিষয়ে দেশ রূপান্তরকে জানান, ইমরান তার স্ত্রীকে প্রতিবেশী জাহাঙ্গীরের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে চ্যালা কাঠ দিয়ে আঘাত করে বলে আদালতে স্বীকার করেছেন।
ওসি জানান, এর আগে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেন ইমরান।
তিনি আরও বলেন, চ্যালা কাঠের আঘাতে গুরুতর আহত মো. জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এদিকে পাহাড়তলী থানা পুলিশের এসআই অর্ণব বড়ুয়ার নেতৃত্বে একটি টিম ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সাহায্যে হালিশহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে ইমরান নাজিরকে গ্রেপ্তার করে।