বরাবরের মতো স্ত্রী বর্ষাকে নায়িকা করেই পর্দায় ফিরছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তাদের ছবির শ্যুটিং শুরু হবে বলে জানালেন নায়ক ও প্রযোজক অনন্ত। ‘দিন : দ্য ডে’ নামের এই সিনেমায় বাংলাদেশ ছাড়াও ইরান, আফগানিস্তান ও তুরস্কের অভিনয়শিল্পীরা কাজ করবেন। এমনটাই জানালেন অনন্ত। পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষার ‘মোস্ট ওয়েলকাম টু’। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। এ সময় ব্যস্ত ছিলেন ব্যবসা আর সংসার নিয়ে। এর ফাঁকে অবশ্য ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ এবং ‘সৈনিক’ নামের দুটি সিনেমার আভাস দিয়েও করেননি অনন্ত। নতুন ওই ছবি দুটির অভিনয়শিল্পী বাছাই করতে একটি রিয়্যালিটি শো করেছিলেন তিনি। অবশেষে সবকিছু গুছিয়ে নতুন সিনেমার জন্য প্রস্তুত এই অভিনয়শিল্পী।
‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণের জন্য নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইরানের অন্যতম নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। এতে বাংলাদেশ থেকে আরও অভিনয় করবেন সুমন ফারুক নামের নবাগত একজন নায়ক যিনি অনন্তর ব্যবসায়িক পার্টনার।
নতুন এ সিনেমা প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এ ছবির গল্প ভাবনায় আছি আমি নিজেই। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। অ্যাকশন ধাঁচের এ ছবিটির বিষয়বস্তু একজন মানুষের পুরো একটি দিনের ঘটনা। মানুষটি কী স্বপ্ন ও চিন্তা নিয়ে দিন শুরু করেন, সারা দিন তার সঙ্গে কী কী ঘটে, এসবই দেখা যাবে। বাংলাদেশে সিনেমার শ্যুটিং শুরু করার পর তুরস্ক, আফগানিস্তান ও ইরানের বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হবে। আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।’