হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর উন্নত চিকিৎসার্থে জব্দকৃত পাসপোর্ট ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবদিন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বারডেম হসপিটালে এ পাসপোর্ট প্রদান করেছেন বলে হেফাজত ইসলাম হাটহাজারী পৌরসভার আমির মীর ইদ্রিস গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বাবুনগরীর পাসপোর্ট দীর্ঘদিন পর্যন্ত সরকারের হেফাজতে ছিল। হেফাজত ইসলামের আমির আহমদ শফীর প্রচেষ্টায় সরকার এ পাসপোর্ট উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ফেরত প্রদান করেন।
এরে আগে, হাটহাজারী মাদ্রাসার মাসিক মুখপত্র ‘মুঈনুল ইসলাম’র নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান, আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের কাছেই তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
মুফতি সরওয়ার কামাল বলেন, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সামরিক সচিব আশ্বাস দিয়ে বলেন, আলোচনা করে আজকের মধ্যেই পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে।