ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে স্বর্ণ জব্দ

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ১৮ টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় স্বর্ণের বার জব্দ করা হয়।  যার বাজার মূল্য ৮৮ লাখ টাকা বলে বিজিবি জানায়। তবে, এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি

প্যাকেট ফেলে রেখে তারা পালিয়ে যায়। এর মধ্য থেকে উদ্ধার করা হয় ১৮ টি স্বর্ণের বার।