রাঙ্গুনিয়ায় ভূমি অফিসের ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ভূমি ও সাবরেজিস্ট্রি কার্যালয়ের ৯ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুর্নীতির অভিযোগে দুর্নীতি কমিশন  (দুদক)  মামলা দায়ের করেছে। গত সোমবার দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরিফউদ্দিন থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মংনি মার্মা, সাবেক কানুনগো (বর্তমানে ফেনীর সোনাগাজী উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো) দীনেশ কান্তি চাকমা, ঘাগড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন, সহকারী কর্মকর্তা (বর্তমান কর্ণফুলী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত) আবু বক্বর হোসেন ইবনে কাশেম, চৌধুরী মোহাম্মদ আবুল কাশেম, সাবরেজিস্ট্রি কার্যালয়ের অতিরিক্ত নকলনবিস বটন দাশ, সৈয়দুল আলম, দলিল লেখক কাজী আতাউর রহমান ।

মামলায় উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ভুয়া দলিলের মাধ্যমে পরস্পর যোগসাজশে প্রতারণাপূর্বক তারা অপরাধ করেছে। তারা ৪০৬৯/১৫ নং জমাভাগ মূলে নামজারি সম্পাদনে কানুনগো দীনেশ কান্তি চাকমা ও ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী আবেদনের সঙ্গে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর মিল না থাকার পরেও নামজারিতে সহায়তা করেছেন । যা দ-নীয় অপরাধ। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজউদ্দিন মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। দুদক কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।