আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকা-ের ঘটনায় ১০টি টিনশেড ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর হাশেম কলোনি এলাকার মাওলানা আবদুল মমিনের মালিকাধীন শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে শ্রমিক কলোনিটির ১০টি ঘর এবং ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে।