ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে

আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, ভাটই গ্রামের আজগর আলী (২২), বাবলু মোল্লা (৩৮), আমজাদ মোল্লা (৫৩), আতিয়ার রহমান (৬২), জবেদ আলী (৪৭), মহন ম-ল (৪৬), লাল চাঁন (৫৭), দেলোয়ার হোসেন (৪৮)। আহত অন্যদের নাম জানা যায়নি।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এ রাজু ও যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে টি রাজুর সমর্থক আসাদকে মারধর করে উজ্জ্বলের সমর্থকরা। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।