গ্রুপসেরা হলে ভারতকে পাবে বাংলাদেশ

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও গ্রুপ প্রকাশ করেছে আইসিসি। আগেই নির্ধারিত ছিল বাংলাদেশের বাছাই পর্ব (প্রথম রাউন্ড) খেলার বিষয়টি। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ আটে না থাকায় সরাসরি সুপার ১২-তে খেলতে পারছে না সাকিব আল হাসানরা। তবে সরাসরি কোয়ালিফাইং রাউন্ডে খেলবে বাংলাদেশ। সঙ্গে শ্রীলঙ্কাও আছে। প্রথম রাউন্ডে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। শীর্ষে থাকলে সুপার ১২-এর গ্রুপ ‘বি’তে ভারতের সঙ্গে পড়বে সাকিবরা। ওই গ্রুপের বাকি দলগুলো হলো আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হওয়া দল।

বিপরীতে শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ হলে বাংলাদেশকে সুপার ১২-এ কঠিন গ্রুপে পড়তে হবে। গ্রুপ ‘এ’তে তখন সাকিবদের লড়াই হবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কোয়ালিফাইং পার করা একটি দলের সঙ্গে। প্রথম রাউন্ড শুরু হবে আগামী বছর ১৮ অক্টোবর। বাংলাদেশের প্রথম ম্যাচ এক দিন পর। হোবার্টে কোয়ালিফাইং রাউন্ডের তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজরা।

এদিকে আসন্ন টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২০১১ সালের পর প্রথমবার গ্রুপ পর্বে দেখা হচ্ছে না পাকিস্তান-ভারতের। গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এমনকি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছে তারা। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের জন্যই আলাদা গ্রুপে পড়েছে দল দুটি। বর্তমানে র‌্যাংকিংয়ে ১ ও ২ নম্বরে যথাক্রমে পাকিস্তান ও ভারত। নিয়ম অনুযায়ী আলাদা গ্রুপে পড়তেই হতো তাদের।

২৪ অক্টোবর থেকে শুরু হবে সুপার ১২ পর্ব। প্রথম দিন দুটি ম্যাচের মধ্যে সিডনিতে গ্রুপ ‘এ’-র লড়াইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আর গ্রুপ ‘বি’তে দক্ষিণ আফ্রিকা ও ভারত খেলবে পার্থে। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেডে। ১৫ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’ : পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, কোয়ালিফায়ার দল, কোয়ালিফায়ার দল।

গ্রুপ ‘বি’ : ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কোয়ালিফায়ার দল, কোয়ালিফায়ার দল।