আর্থিক অনিশ্চয়তায় ক্ষুব্ধ সাফ মিশনে যাওয়া মেয়েরা

আপডেট : ২২ মে ২০২৬, ০৭:৫৮ এএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক আগে আর্থিক অনিশ্চয়তা ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে সফল প্রস্তুতি ক্যাম্প শেষে আত্মবিশ্বাস নিয়ে ভারতে পৌঁছালেও, বাফুফের সাম্প্রতিক এক সিদ্ধান্তে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, সরকারি ‘ক্রীড়া ভাতা’ সুবিধাভোগী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে খেলেন- এমন ফুটবলারদের জাতীয় দলের সম্মানী কমিয়ে দেওয়া বা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি অর্থবছরে সরকার দুই ধাপে ৩০০ ফুটবলারকে ক্রীড়া কার্ড দিয়েছে। বর্তমান সাফ স্কোয়াডের ১৮ জন সদস্য এই সুবিধার আওতায় রয়েছেন। এর মাধ্যমে তারা মাসিক ১ লাখ টাকা ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তবে খেলোয়াড়দের অভিযোগ, সরকারি ভাতা কিংবা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের সামান্য বেতনকে কারণ দেখিয়ে জাতীয় দলের প্রাপ্য আর্থিক সহায়তা কমিয়ে দেওয়া হয়েছে। এতে অনেক খেলোয়াড়ই হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। দলের একাধিক সূত্র দাবি করেছে, কিছু খেলোয়াড় খুবই কম পরিমাণ সম্মানী পেয়েছেন, যা নিয়ে ক্ষুব্ধ তারা।

এদিকে স্থানীয় কোচিং ও সাপোর্ট স্টাফদের পারিশ্রমিক নিয়েও অসন্তোষের খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, বিদেশি কোচিং স্টাফরা নিয়মিত বেতন পেলেও স্থানীয় স্টাফদের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এতে দলের সার্বিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের উত্থান প্রশংসিত হয়েছে। টানা তৃতীয়বারের মতো সাফ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এবার মাঠে নামছে মেয়েরা। কিন্তু টুর্নামেন্টের আগে সৃষ্ট এই আর্থিক ও প্রশাসনিক অস্থিরতা দলের প্রস্তুতি ও মনোবলে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

গোয়ায় ঋতুপর্ণারা : থাইল্যান্ডে দুই সপ্তাহের নিবিড় প্রস্তুতি শেষে থাইল্যান্ড থেকে ভারতের গোয়ায় পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা। ২৫ মে শুরু হতে যাওয়া সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ায় পৌঁছে লাল-সবুজের নারী দল। লক্ষ্য, টানা তৃতীয়বার শিরোপা জয়।

থাইল্যান্ডের ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ দল। শেষ দিনে ফুটবলাররা তিন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলেন। কোচ পিটার বাটলার অনুশীলনে পজিশনাল অ্যাওয়ারনেস, ট্যাকটিকস ও টেকনিক্যাল শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেন।

দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা জানিয়েছেন, ব্যাংককের তীব্র গরমে অনুশীলন করায় গোয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে। তিনি বলেন, ‘দল শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত এবং সাফের শিরোপা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।’ বাংলাদেশ এর আগে ২০২২ ও ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হয়েছিল। এবার গ্রুপ পর্বে ২৮ মে মালদ্বীপ এবং ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দলটি।

কোচ পিটার বাটলার ব্যয়বহুল হলেও এমন আন্তর্জাতিক প্রস্তুতি ক্যাম্প আয়োজনের জন্য বাফুফের প্রশংসা করেন। তার মতে, শক্ত প্রতিপক্ষ থাকলেও বাংলাদেশের মেয়েরা বড় মঞ্চে চাপ সামলে জয়ের অভিজ্ঞতা রাখে। আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত