চট্টগ্রাম আবাহনী-বিজেএমসি ড্র

মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করলেও চট্টগ্রাম আবাহনী পথ হারিয়েছে শেষ দুই ম্যাচে। গতবার তিনে শেষ করা দলটি পরের ম্যাচেই হোঁচট খায় রহমতগঞ্জের সঙ্গে (১-১)। আর গতকাল বঙ্গবুন্ধ স্টেডিয়ামে জয়ের দেখা পায়নি দলটি। কাল তাদের সঙ্গে গোলশূন্য ড্র করে লিগে প্রথম পয়েন্ট পেয়েছে টিম বিজেএমসি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে এবার হোম ভেন্যু করেনি চট্টগ্রাম আবাহনী। বেছে নিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। ঢাকার এই ভেন্যু অবশ্য শেষ দুই ম্যাচে মোটেই পয়মন্ত নয় দলটির কাছে। অতীতের পথ থেকে সরে এসে এবার তারা গড়েছিল মাঝারিমানের দল। অজেয় রূপটা তাই নেই তাদের মাঝে। তরুণ নিয়ে গড়া দলটিকে যেন ঠিকভাবে গোছাতেই পারেননি কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। কাল তাদের খেলায় দেখা যায়নি পরিকল্পনার ছাপ। অন্যদিকে মোহামেডান এবং সাইফের কাছে হেরে কাল মাঠে নেমে শেষদিকে উজ্জীবিত ফুটবল খেলতে দেখা গেছে বিজেএমসিকে। সংঘবদ্ধ প্রচেষ্টায় শেষ কয়েক মিনিটে আক্রমণের ঢেউ বইয়ে দিয়েছে তারা চট্টগ্রাম আবাহনীর রক্ষণে। যদিও ম্যাচে গোলের সুবর্ণ সুযোগটা এসেছিল চট্টলা দলটির কাছেই। ১২ মিনিটে অধিনায়ক মোনায়েম খান রাজুর বাঁ পায়ের শট রুখে দেয় ক্রসবার। ২২ মিনিটে বিজেএমসির আবদুল্লাহ আল মামুনের শট চলে যায় বারের ওপর দিয়ে। চট্টগ্রাম আবাহনীকে আরেকবার গোলের স্বপ্ন দেখিয়েছিলেন বদলি ফরোয়ার্ড সোহেল মিয়া। ৬৬ মিনিটে বক্সের বামপ্রান্ত দিয়ে ঢুকে শট নিয়েছিলেন লক্ষ্যে। কিন্তু বিজেএমসি কিপার সোহাগ দক্ষ গ্লাভসে লুফে নিয়েছেন তা। বাকি সময়টায় বিজেএমসি আক্রমণের ঢেউ তুলেছে চট্টগ্রাম আবাহনীর রক্ষণে। ৭১ মিনিটে বিজেএমসির লেফটব্যাক আলী আকবর কাননের বামপ্রান্ত থেকে নেওয়া কর্নার সরাসরি জালে প্রবেশ করছিল। কিন্তু চট্টগ্রাম আবাহনী কিপার মোহাম্মদ নেহাল শেষ মুহূর্তে ফিস্ট করে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন। ৩ মিনিট পর পিন্টু দাসের ক্রসে নাইজেরিয়ান স্যামন ইলিয়াসুর বক্সের বামপ্রান্ত থেকে জোরালো ভলি কোনোভাবে ঠেকিয়ে বিপদমুক্ত করেন নেহাল।

চট্টগ্রাম আবাহনী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু জয় না পাওয়ার জন্য বিজেএমসির শুরুর দিকের রক্ষণাত্মক কৌশলকে দুষেছেন, ‘প্রতিপক্ষ পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলেছে। এতটা নেতিবাচক খেললে গোলের সুযোগ তৈরি করা কঠিন। তবে আমরাও বেশকটি গোলের সুযোগ নষ্ট করেছি।’ সাবেক এই ফুটবলার নিজের শিষ্যদের ওপরও নাখোশ, ‘ভুলগুলো নিয়ে অনুশীলনে কাজ করা হলেও ম্যাচে এসে সেগুলো তারা শোধরাতে পারছে না। এভাবে অন্তত জেতা যায় না।’ গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট হাসিল করা বিজেএমসি গতকাল খেলেছে তাদের হেড কোচ মিলন মোল্লাকে ছাড়াই। দল থেকে জানানো হয়েছে অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত। দলীয় ম্যানেজার আরিফুল হক চৌধুরী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আগের দুই ম্যাচ হারার পর আজকের ১ পয়েন্ট পেয়েই আমরা খুশি। এই ম্যাচে আমাদের লক্ষ্যই ছিল ড্র।’

আজ লিগের দুটি ম্যাচ হবে দুই ভেন্যুতে। ঢাকায় মোহামেডানের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। আর আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে উড়িয়ে দেওয়া বসুন্ধরা কিংস নিজেদের ভেন্যু নীলফামারীতে লড়বে নোফেলের বিপক্ষে।