হ্যাটট্রিকে ডেলপোর্ট-মুশফিকের আলো কাড়লেন রাসেল

ক্যামেরুন ডেলপোর্টের অনবদ্য অর্ধশতক আর মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে সংগ্রহটা আরও মজবুত করার দিকে এগুচ্ছিল চিটাগং ভাইকিংস। কিন্তু ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে সব আলো কাড়লে ঢাকা ডায়নামাইটসের আন্ড্রে রাসেল। বিপিএলে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন ক্যারিবীয় এই পেসার।

শেষ ওভারের প্রথম বলেই রাসেল উইকেট ছাড়া করেন মুশফিককে। ২৩ বলে ৪৩ রান করা চিটাগংয়ের অধিনায়ক ফুলটস বল পেয়ে লংঅন দিয়ে বল সীমানা ছাড়া করতে গিয়ে ধরা পড়েন শুভাগত হোমের হাতে।

পরের বলে উইকেট ছাড়া ওপেনার ডেলডোর্ট। রাসেলের বলটি উড়িয়ে মারতে গিয়ে লংঅফে শুভাগতকে ক্যাচ দেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। তার ব্যাট থেকেই এসেছে গুরুত্বপূর্ণ ইনিংস। ৫৭ বলে পাঁচ চার ও চার ছক্কায় করেছেন ৭১ রান।

তৃতীয় বলে লঙ্কান ব্যাটসম্যান দাসুন শানাকাকে উইকেট ছাড়া করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাসেল। আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে ফাইনলেগে মিজানুর রহমানের হাতে ধরা পড়েন শানাকা। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে তিনটি হ্যাটট্রিক করলেন অলরাউন্ডার রাসেল।

চলতি বিপিএলে এটা তৃতীয় হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক দুটি করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানী পেসার ওয়াহাব রিয়াজ ও ঢাকারই দেশি স্পিনার আলিস আল ইসলাম।

নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে চিটাগংয়ের সংগ্রদ দাঁড়ায় ১৭৪। দলের অন্যদের মধ্যে মোহাম্মদ শেহজাদ ২১ ও ইয়াসির আলি ১৯ রান করেন।

ঢাকার বোলারদের মধ্যে রাসেলের তিন উইকেট ছাড়া দুটি উইকেট নেন তার স্বদেশী স্পিনার সুনীল নারিন।