চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করেছেন আওয়ামী লীগের আরেক নেতা।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আয়াত নূর ইসলামের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকালে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে আয়াত নূর ইসলাম অভিযোগ করেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি টেন্ডারে বাধা দেয় আওয়ামী লীগ নেতা এজাবুল হক বুলির লোকজন। তিনি অভিযোগ করে বলেন, ‘চাঁদা না দিলে টেন্ডার ড্রপ করা যাবে না উল্লেখ করে বুলির লোকজন আমাদের বাধা দেয়’।
পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেন আয়াত নূর ইসলাম।
এই বিষয়ে এজাবুল হক বুলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার লাইসেন্স নিয়ে আমার লোকজন নিয়মমাফিক টেন্ডার কিনতে গেলে তারা শিডিউল কিনতে দেয়নি। আমার লোকজনকে মারধর করেছে। যা নিয়ে থানায় মামলাও হয়েছে। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন’।