লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

লক্ষ্মীপুরের আলেকজান্ডারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে রামগতির আলেকজান্ডার উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও আজাদ উদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

যুবলীগ নেতা ওসমান গনি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আরমান হোসেনসহ আহতদের সদর হাসপাতাল ও রামগতি উপজেলা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ঘটনার জন্য আজাদ উদ্দিন চৌধুরীকে দায়ী করছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।

আবদুল ওয়াহেদ জানান, উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন হয়। সে অনুযায়ী সভা শুরু হয়। হঠাৎ আজাদ উদ্দিন চৌধুরী তার লোকজন নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করে চেয়ার-টেবিল ভাঙচুর চালায়। এতে কয়েকজন আহত হয়।

অপরদিকে আজাদ উদ্দিন চৌধুরী জানান, শান্তিপূর্ণ অনুষ্ঠানে চেয়ারম্যানের লোকজন হট্টগোল সৃষ্টি করায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এ দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন ভিপি হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ধিত সভায় এ ধরনের ঘটনা দুঃখজনক।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, চেয়ারে বসা নিয়ে দু-পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।